ATN
শিরোনাম
  •  

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি ও আবেদনের সময় বাড়ল

         
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি ও আবেদনের সময় বাড়ল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি ও আবেদনের সময় বাড়ল

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার সুযোগ থাকবে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। তবে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত অন্যান্য শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে নেওয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এছাড়া পছন্দের বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর অর্জন বাধ্যতামূলক।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ৬ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ