ATN
শিরোনাম
  •  

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

         
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ:  স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ২৩ জুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় পুলিশকে মাঠপর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো গোষ্ঠী যেন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলার্ট করা তো আমাদের কাজ। আর না থাকলেও এলার্ট করতে পারি। যেহেতু আমরা আশঙ্কা করছি, ২৩ জুনকে কেন্দ্র করে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, এই এলাকাটি দীর্ঘ সময় ধরে অপরাধীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। তবে মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। দ্রুতই এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বর্তমান সরকারের কাজের গতি নিয়ে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বিগত যেকোনো সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি সক্রিয় এবং দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছেও স্পষ্ট।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নেওয়ার কারণেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতিমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ বাহিনীর মনোবল ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মধ্যে একসময় ধারণা জন্মেছিল যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমান সরকারের অধীনে পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সেই আস্থা ফিরিয়ে এনেছেন। তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পুরস্কৃত করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ