ATN
শিরোনাম
  •  

গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

         
গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে বেলাল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রিকে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা-সংলগ্ন প্রধান সড়কে একা থাকা অবস্থায় উত্তর গোপালপুর মহল্লার জিসান নামে এক যুবক তার ওপর হামলা চালায়। এ সময় রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়।

রডের আঘাতে গুরুতর আহত বেলাল রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ