ATN
শিরোনাম
  •  

এনসিপির দুই নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

         
এনসিপির দুই নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

এনসিপির দুই নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক পদপ্রত্যাশী নারী কর্মী।

শুক্রবার (১৯ জুন) নগরের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অভিযোগকারী নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় অংশগ্রহণকারী, এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারীশক্তির একটি পদের প্রত্যাশী হিসেবে পরিচয় দেন।

তার দাবি, সংগঠনের একটি পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে চট্টগ্রাম নগরের একটি অভিজাত হোটেলের বারে নিয়ে যাওয়া হয়। সেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং অস্বস্তিকর প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাংগঠনিক বৈঠকের কথা বলে তাকে একটি আবাসিক হোটেলের বারে ডাকা হয়েছিল। সেখানে তাকে যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, হোটেলের শীর্ষতলার বারে সুজা উদ্দিন কয়েকজনের সঙ্গে অবস্থান করছেন। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিন।

অভিযোগকারী বলেন, সেখানে বসার পর সুজা উদ্দিন তাকে ধূমপান ও মদ্যপানে উৎসাহিত করেন। পরে বিভিন্ন ধরনের পানীয় গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, নিজের অস্বস্তির কথা জানালে সাদিয়া আফরিন তাকে সুজা উদ্দিনের নির্দেশনা অনুযায়ী চলার পরামর্শ দেন।

তার ভাষ্য অনুযায়ী, কিছু সময় পর সাদিয়া আফরিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। এরপর সুজা উদ্দিন তাকে কয়েকবার পাশে গিয়ে বসতে বলেন। তার আচরণ, দৃষ্টিভঙ্গি ও অঙ্গভঙ্গি ছিল অশালীন এবং যৌন হয়রানিমূলক বলে অভিযোগ করেন ওই তরুণী।

তিনি আরও দাবি করেন, পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে তিনি সেখান থেকে চলে যান। পরে প্রস্তাবে সাড়া না দেওয়ায় সুজা উদ্দিন তাকে ‘ডিল অর ডেথ’ বলে হুমকিসদৃশ মন্তব্য করেন। পাশাপাশি রাজনৈতিক সুযোগ-সুবিধা, পদ-পদবি এবং আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী জানান, হোটেল থেকে বের হওয়ার পর তিনি সাদিয়া আফরিনকে ফোন করে ঘটনার প্রতিবাদ জানান। তখন সাদিয়া তাকে বলেন, ‘রাজনীতি করতে হলে বড় পদ-পদবিধারীদের ব্যক্তিগত সময় দিতে হয়। এটাই রাজনৈতিক কালচার।’

এ ঘটনায় আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে গত ১৭ জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ