ATN
শিরোনাম
  •  

একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার: জামায়াত আমির

         
একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার: জামায়াত আমির

একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), জেলা পরিষদের চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকজনকে নিয়োগ দিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে দেশের জনগণ এ ধরনের শাসনব্যবস্থা মেনে নেবে না।

শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে আওয়ামী লীগ জাতীয় সংসদে বিরোধী দলকে অবজ্ঞা ও তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করত। বিশেষ করে বিএনপি এবং পরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি সমালোচনামূলক বক্তব্য দিত। বর্তমান সরকারও বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে বিরোধী দলকে আক্রমণ করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের মানুষ এসব রাজনৈতিক অপপ্রচার বা তকমাকে গুরুত্ব দেয় না। জনগণ বাস্তবতা বোঝে এবং নিজেদের মতামত গঠনে সচেতন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, তরুণ সমাজের ভাষা ও মনোভাব বোঝার চেষ্টা করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের অনুসৃত পথে না হাঁটার জন্য।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ