ATN
শিরোনাম
  •  

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

         
জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

দেশের শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা এবং সামাজিক মূল্যবোধ জোরদার করতে জাতীয় শিক্ষাক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে এটি কোন শ্রেণির পাঠ্যসূচিতে যুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সেমিনারে অংশ নেওয়া রোটারিয়ানরা শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি জানান, শিক্ষাক্রম বিশেষজ্ঞরা ‘ফোর-ওয়ে টেস্ট’ পর্যালোচনা করবেন। এটি ষষ্ঠ শ্রেণি কিংবা অন্য কোনো শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে।

‘ফোর-ওয়ে টেস্ট’ মূলত মানুষের চিন্তা, বক্তব্য ও কর্মকাণ্ডকে মূল্যায়নের একটি নৈতিক মানদণ্ড। এতে চারটি প্রশ্নের মাধ্যমে কোনো কাজ বা সিদ্ধান্তের যথার্থতা যাচাই করা হয়।

প্রশ্নগুলো হলো—এটি কি সত্য? এটি কি সংশ্লিষ্ট সবার প্রতি ন্যায়সংগত? এটি কি সদ্ভাব ও সুসম্পর্ক গড়ে তুলবে? এবং এটি কি সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে? এই চারটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হলে সংশ্লিষ্ট চিন্তা, কথা বা কাজকে নৈতিক ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

সেমিনারে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ও মানোন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ