ATN
শিরোনাম
  •  

দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

         
দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি আটক আছেন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯ জনের ব্যবস্থা রয়েছে। তবে বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন। এর মধ্যে পুরুষ বন্দি ৭৪ হাজার ৯৬৩ জন এবং নারী বন্দি ২ হাজার ৭৭ জন। ফলে কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি অবস্থান করছেন।

তিনি জানান, অতিরিক্ত বন্দির কারণে কয়েকটি কারাগারে আবাসন সংকট তৈরি হয়েছে। এ সমস্যা নিরসনে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ; সিলেট কেন্দ্রীয় কারাগার-২; ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

মন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনঃনির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনঃনির্মাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বাড়বে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ