ATN
শিরোনাম
  •  

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

         
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

বর্ষা মৌসুম শেষে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, বাজেটের প্রাপ্যতা ও প্রশাসনিক প্রস্তুতির ভিত্তিতে নির্বাচনগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদে অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, রাজধানীতে দৈনিক পানির চাহিদা প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার, যেখানে উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

তিনি আরও বলেন, পানি পরিশোধনে আধুনিক কেমিক্যাল ব্যবহারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরীক্ষা করা হয়। প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে মান যাচাই করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে বাসাবাড়ির বর্জ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে এবং ভবিষ্যতে এটি আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সফটওয়্যার ভার্সন-২ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অনলাইন পেমেন্ট সুবিধা যুক্ত করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংসদে জানান, তরুণদের মোবাইল আসক্তি ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে দেশব্যাপী সচেতনতামূলক কর্মশালা ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোতে এ বিষয়ে বিশেষ প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ