ATN
শিরোনাম
  •  

শুক্রবারের মধ্যে পুরোপুরি উন্মুক্ত হবে হরমুজ প্রণালি, দাবি ট্রাম্পের

         
শুক্রবারের মধ্যে পুরোপুরি উন্মুক্ত হবে হরমুজ প্রণালি, দাবি ট্রাম্পের

শুক্রবারের মধ্যে পুরোপুরি উন্মুক্ত হবে হরমুজ প্রণালি, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য সম্পাদিত নতুন চুক্তির ফলস্বরূপ আগামী শুক্রবার (১৯ জুন) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচনালগ্নে তিনি এ মন্তব্য করেন।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রস্তাবিত যৌথ নৌ মিশনের প্রয়োজনীয়তা নাকচ করে ট্রাম্প বলেন, এই কৌশলগত নৌপথ সচল রাখতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হবে। বলে তিনি মনে করেন না।

তিনি জানান, প্রণালিটি ইতোমধ্যে আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে। তবে যুদ্ধকালীন সময়ে সমুদ্রতলে ছড়িয়ে থাকা মাইন অপসারণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বিশেষ অনুসন্ধান কার্যক্রম চলছে। তার ভাষ্য অনুযায়ী, আগামী শুক্রবারের মধ্যেই পুরো এলাকা সম্পূর্ণ নিরাপদ হয়ে উঠবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতাকে ইতিবাচক হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, চুক্তিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—ইরান ভবিষ্যতে আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরও দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরুর দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের নতুন নেতৃত্বের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।

ইরানের নতুন নেতৃত্ব প্রসঙ্গে কিছুটা রসিকতা করে ট্রাম্প বলেন, প্রথম ও দ্বিতীয় সারির নেতৃত্বের পর দায়িত্ব পাওয়া তৃতীয় সারির নেতারা অত্যন্ত বিচক্ষণ ও দক্ষ। শেষ পর্যন্ত তাদের সঙ্গেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। তবে তিনি নতুন নেতৃত্বের কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।

মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অঞ্চলটির রাজনীতি ও অর্থনীতিতে সামনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, আগামী শুক্রবার অনুষ্ঠেয় এই ঐতিহাসিক শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। তবে অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ