ATN
শিরোনাম
  •  

খুলনায় মসজিদে ঢুকে মুসল্লিকে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা

         
খুলনায় মসজিদে ঢুকে মুসল্লিকে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা

খুলনায় মসজিদে ঢুকে মুসল্লিকে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা

খুলনায় নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে ছুঁড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মসজিদ কমিটির এক নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রোববার (১৪ জুন) ফজরের নামাজ শেষে খুলনা নগরীর দৌলতপুরে ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত দুইজন হলেন, লোকমান হাকিম ও আলম মন্ডল। আহতদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, ফজরের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন অস্ত্রধারী মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর তারা লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে লোকমান মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন। আর আলম মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে লোকমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আলম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সুদর্শন কুমার রায় (উপ-পুলিশ কমিশনার, কেএমপি।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন এবং কারা মসজিদের মতো পবিত্র স্থানে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ