ATN
শিরোনাম
  •  

নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

         
নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

দেশে শুধুমাত্র নারীদের উন্নত চিকিৎসার জন্য দেড় হাজার শয্যার ২টি বিশেষায়িত স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০টি সরকারি হাসপাতালে নতুন আইসিইউ ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে নারীদের জন্য দেড় হাজার শয্যার দুইটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, মাতৃসেবা, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে। প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও যুক্ত করা হবে।

দেশব্যাপী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, এর মধ্যে ৮০ হাজার থাকবেন নারী স্বাস্থ্য কর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন।

এর আগে, হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জেলা সিভিল সার্জনকে আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নত করার নির্দেশ দেন এবং তা না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এ সময় বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ