ATN
শিরোনাম
  •  

জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের, সুইজারল্যান্ড–কাতারের ম্যাচে নাটকীয় ড্র

         
জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের, সুইজারল্যান্ড–কাতারের ম্যাচে নাটকীয় ড্র

জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের, সুইজারল্যান্ড–কাতারের ম্যাচে নাটকীয় ড্র

ফুটবল বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ড ও কাতারের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়ায় কাতার।

‘ডি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়া ২-০ গোলে তুরস্ককে পরাজিত করে শুভ সূচনা করে। একই সঙ্গে ‘সি’ গ্রুপে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পায় স্কটল্যান্ড।

সুইজারল্যান্ড–কাতার : শেষ মুহূর্তে কাতারের সমতা

সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে শনিবার ৬৭ হাজারের বেশি দর্শকের সামনে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় সুইজারল্যান্ড ও কাতার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

১৭ মিনিটে বক্সের ভেতর রেমো ফ্রয়লারের ফাউলের পর পেনাল্টি পায় সুইজারল্যান্ড। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। এটি ছিল বিশ্বকাপে পেনাল্টি থেকে প্রথম গোল এবং সুইজারল্যান্ডের হয়ে এমবোলোর ২৫তম গোল।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সুইসরা। ম্যাচের ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে হোমাম আহমেদের ক্রস থেকে হেডে গোল করে কাতারকে সমতায় ফেরান বুয়ালেম খুখি। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে পয়েন্ট ভাগ করে নেয় দুই দল।

দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে নেমে প্রথম পয়েন্ট অর্জন করল কাতার। এর আগে ২০২২ আসরে তিন ম্যাচেই হেরেছিল তারা।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৮ জুন কানাডার মুখোমুখি হবে কাতার। একই দিনে বসনিয়া হার্জেগভিনার বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড।

স্কটল্যান্ড–হাইতি : ম্যাকগিনের গোলে ঐতিহাসিক জয়

ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে ৬৪ হাজার দর্শকের সামনে ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হারায় হাইতিকে।

২৮ মিনিটে একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন। অ্যাডামসের পাস থেকে গ্যানন-ডোকের ক্রস পেয়ে দুর্দান্ত শটে জালে বল জড়ান তিনি। এটি তার জাতীয় দলের ২১তম গোল হলেও বিশ্বকাপে প্রথম গোল।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড। শেষবার তারা জয় পেয়েছিল ১৯৯০ সালে। অন্যদিকে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি ম্যাচে হার দিয়ে শুরু করল।

পরিসংখ্যানে হাইতি শট নিয়েছে ১৩টি, স্কটল্যান্ড ৮টি। তবে লক্ষ্যে শট ছিল সমান ৩টি করে।

গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে ১৯ জুন ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। একই দিনে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড।

অস্ট্রেলিয়া–তুরস্ক : সহজ জয় অসিদের

কানাডার ভ্যানকুভারের বিসি প্যালেস স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়া।

২৭ মিনিটে নেস্তরি ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া এবং প্রথমার্ধ শেষ করে ১-০ ব্যবধানে।

৭৫ মিনিটে কনর মেটকাফের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা।

পরের ম্যাচে ১৯ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। একই দিনে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ