ATN
শিরোনাম
  •  

ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি: বাসায় গিয়ে দুঃখ প্রকাশ সিএমপি কমিশনারের

         
ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি: বাসায় গিয়ে দুঃখ প্রকাশ সিএমপি কমিশনারের

ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি: বাসায় গিয়ে দুঃখ প্রকাশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

দুপুর ১২টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী নগরীর বাসভবনে গিয়ে ক্রিকেটার নাঈম হাসান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পুলিশের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিএমপি কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা চরম অপেশাদার আচরণ করেছেন। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, অভিযুক্ত তিন সদস্যকে ইতোমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় মামলার কার্যক্রমও চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিমানবন্দর থেকে নিজ বাসায় ফিরছিলেন জাতীয় দলের এই অফস্পিনার। পথে সিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন সদস্য তার গাড়ি থামান। স্বর্ণ চোরাচালানের সন্দেহে তাকে গাড়ি থেকে নামতে বাধ্য করা হয় এবং তার সঙ্গে অশোভন আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, নাঈম হাসান নিজের পরিচয় দিলেও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তা গুরুত্ব দেননি। বরং তাকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হতে হয়।

ঘটনার খবর প্রকাশ্যে আসার পর চট্টগ্রামের ক্রীড়াঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

সিএমপি সূত্র জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নাঈম হাসানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সিএমপি কমিশনারের সরাসরি বাসায় গিয়ে দুঃখ প্রকাশ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কারণে তারা আপাতত আশ্বস্ত। তবে তারা চান, তদন্তের মাধ্যমে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ