ATN
শিরোনাম
  •  

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, হাজারো ব্যবহারকারীর অভিযোগ

         
বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, হাজারো ব্যবহারকারীর অভিযোগ

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, হাজারো ব্যবহারকারীর অভিযোগ

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুক্রবার (১২ জুন) বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে। দুপুরের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে না পারার অভিযোগ জানাচ্ছেন। হঠাৎ এই বিভ্রাট দেখা দেওয়ায় ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।

ওয়েবসাইটের ডাউনটাইম ও অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী জনপ্রিয় পোর্টাল ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট জমা দিয়েছেন।

ইজডাউন জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই ফেসবুকের সেবায় সক্রিয় ত্রুটি শনাক্ত করা হয়েছে। সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে।

২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে ইজডাউন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে তারা ফেসবুকের ১৩৭টি ছোট-বড় বিভ্রাটের ঘটনা নথিভুক্ত করেছে। সর্বশেষ পর্যবেক্ষণেও তারা প্ল্যাটফর্মটিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার উপস্থিতি নিশ্চিত করেছে।

তবে এই বৈশ্বিক বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঠিক কখন সমস্যার সূত্রপাত হয়েছে কিংবা কখন নাগাদ ফেসবুকের সেবা পুরোপুরি স্বাভাবিক হবে—সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা দুঃখপ্রকাশ করা হয়নি।

এদিকে যারা নিউজফিড লোড করতে পারছেন না বা লগ-ইন সমস্যায় পড়েছেন, তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু এটি বৈশ্বিক পর্যায়ের সমস্যা, তাই মেটার কারিগরি দল ইতোমধ্যে সেবা পুনরুদ্ধারে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

সূত্র: ইউনিল্যাড

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ