ATN
শিরোনাম
  •  

ফেভারিটের তকমা নয়, শিরোপাই লক্ষ্য ব্রাজিলের: আলিসন বেকার

         
ফেভারিটের তকমা নয়, শিরোপাই লক্ষ্য ব্রাজিলের: আলিসন বেকার

ফেভারিটের তকমা নয়, শিরোপাই লক্ষ্য ব্রাজিলের: আলিসন বেকার

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হলেও দলটির গোলরক্ষক আলিসন বেকার নিজে ফেভারিটের তকমাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তার মতে, এমন পরিচয় দলের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তবে বিশ্বকাপ জয়ের ব্যাপারে ব্রাজিল দলের আত্মবিশ্বাস নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানিয়েছেন তিনি।

বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। তবে তাদের শেষ বিশ্বকাপ জয় আসে ২০০২ সালে। ফলে প্রায় ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে এবারের আসরে মাঠে নামবে সেলেসাওরা। আর সেই লক্ষ্য পূরণে দলটির সামর্থ্যের ওপর আস্থা রাখছেন আলিসন।

নিউ জার্সিতে ব্রাজিল দলের হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ফেভারিট হিসেবে বিবেচিত হলেই যে শিরোপা নিশ্চিত হয়ে যায়, এমন নয়। বরং এতে দলের ওপর বাড়তি চাপ তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম ম্যাচের আগে দল কতটা প্রস্তুত। আমাদের প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।

বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থান অর্জন করে মূল পর্বে জায়গা করে নেয় ব্রাজিল। বাছাইপর্বের শেষ দুই ম্যাচের আগে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। তার অধীনে একটি জয় ও একটি হার নিয়ে বাছাইপর্ব শেষ করে দলটি।

আলিসনের মতে, বাছাইপর্বে ব্রাজিলের যাত্রা সহজ ছিল না। তবে আনচেলত্তির আগমনের পর দলের পরিবেশ ও পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি বলেন, বাছাইপর্ব আমাদের জন্য কঠিন ছিল এবং আমরা সেটা অনুভব করেছি। কিন্তু আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তার উপস্থিতি দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তিনি খেলোয়াড়দের শান্ত পরিবেশে কাজ করার সুযোগ করে দিয়েছেন।

দীর্ঘদিন ধরে রক্ষণভাগের দুর্বলতা ব্রাজিলের জন্য উদ্বেগের কারণ হয়ে আছে। বাছাইপর্বে দলটি ১৭ গোল হজম করেছে। এ বিষয়ে আলিসন জানান, ৬৭ বছর বয়সী আনচেলত্তি রক্ষণভাগের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, আমরা যে গোলগুলো হজম করেছি, তার অনেকগুলোই এড়ানো সম্ভব ছিল। কোচের অধীনে আমরা সেসব বিষয় নিয়ে কাজ করছি। আক্রমণভাগে আমাদের যথেষ্ট শক্তি রয়েছে এবং গোল করার সুযোগও থাকবে। তবে দুর্বল জায়গাগুলো ঠিক করতেই হবে।

বিশ্বকাপের আগে কয়েক দফা চোটে পড়লেও বর্তমানে নিজেকে পুরোপুরি ফিট বলে জানিয়েছেন আলিসন। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামার আগে তিনি বলেন, আমি এখন শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমাদের একটাই লক্ষ্য—বিশ্বকাপের শিরোপা জয়।

আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ