ATN
শিরোনাম
  •  

জনতুষ্টি ও স্বস্তির বাজেট আজ সংসদে

         
জনতুষ্টি ও স্বস্তির বাজেট আজ সংসদে

সংসদ

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

‘জনতুষ্টি ও স্বস্তি’কে মূল প্রতিপাদ্য করে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে সরকারের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বড় ধরনের করছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। চাল, ডাল, তেলসহ ৬০টি পণ্যের উৎসে কর কমিয়ে শূন্যের কাছাকাছি নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হচ্ছে।

সরকার আগামী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের প্রথম বাজেটে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাজেটে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ‘সৃজনশীল অর্থনীতি’ খাতে ৩০০ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বৃদ্ধি নিশ্চিত করা গেলে অর্থনীতির স্থবিরতা কাটিয়ে প্রবৃদ্ধির গতি বাড়ানো সম্ভব হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ