ATN
শিরোনাম
  •  

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সচেতন হয়ে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

         
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সচেতন হয়ে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সচেতন হয়ে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থানে সচেতন থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডেঙ্গু পরিস্থিতিতে রোগীদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার তাগিদও দেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী’ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় দ্রুতই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার। এ সময় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করার আহ্বানও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলা করছি। একটি বড় চ্যালেঞ্জ আমরা পার করেছি, সামনে আরেকটি নতুন চ্যালেঞ্জ (ডেঙ্গু) আসছে। এই পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ বাসস্থান ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং ডেঙ্গুর চিকিৎসাসংক্রান্ত প্রটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।’

চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশজুড়ে চিকিৎসকদের যে বিশাল নেটওয়ার্ক রয়েছে, তা কাজে লাগাতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কোনো রোগীকে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। ডেঙ্গু রোগীর ‘প্লাজমা লিক’ শুরু হলে তাদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে এবং রোগী যাতে শকে চলে না যায়, সেজন্য দ্রুত ফ্লুইড বা স্যালাইন নিশ্চিত করতে হবে।

তিনি আরও যোগ করেন, চিকিৎসকরা যেন এই চিকিৎসাপদ্ধতি তাদের সহকর্মী ও পরিচিতদের মাঝে ছড়িয়ে দেন। পরিস্থিতির অবনতি ঘটলে বা রোগীর চাপ বাড়লে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে চিকিৎসকদের রোস্টার বা ভাগ করে দায়িত্ব দেওয়া হবে, তবুও যে-কোনো মূল্যে সাধারণ মানুষের জীবন বাঁচাতে হবে।

অনুষ্ঠানে তিনি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সাফল্য কামনা করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ