ATN
শিরোনাম
  •  

আফগানিস্তানে হিজাববিরোধী ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ, গুলি-চাবুকের আঘাতে নিহত ২

         
আফগানিস্তানে হিজাববিরোধী ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ, গুলি-চাবুকের আঘাতে নিহত ২

আফগানিস্তানে হিজাববিরোধী ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ, গুলি-চাবুকের আঘাতে নিহত ২

আফগানিস্তানের হেরাতে ‘শালীনভাবে’ হিজাব না পরার অভিযোগে নারীদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে আফগান নিরাপত্তাবাহিনী গুলি, লাঠিচার্জ ও চাবুক ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীরা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কি না, তা স্পষ্ট করা হয়নি।

বিক্ষোভে নারীদের পাশাপাশি অনেক পুরুষও অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলন চলাকালে পুলিশ তাজা গুলি ছোড়ে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে।

তবে হেরাত পুলিশ বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা অস্বীকার করেছে। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করা হয়েছে।

বার্তাসংস্থা এএফপিকে এক বিক্ষোভকারী জানান, পুলিশ লাঠি, চাবুক এবং অস্ত্র ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আকাশের দিকে তারা গুলিও ছুড়েছে।

এএফপির এক ফটোগ্রাফারের বরাত দিয়ে জানানো হয়, পুলিশকে বিক্ষোভকারীদের মারধর করতে এবং তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে।

ওই ফটোগ্রাফার বলেন, আমি সরাসরি যা দেখেছি, অনেক মানুষ আহত হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন নারীকে মারধর না করার জন্য চিৎকার করতে দেখা যায়। ভিডিওতে কাছাকাছি স্থান থেকে গুলির শব্দও শোনা যায়।

হেরাত পুলিশ কমান্ডের মুখপাত্র সৈয়দ মাসুদ হোসেনি দাবি করেছেন, বিক্ষোভকারীদের কর্মকাণ্ডে জনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল।

সূত্র: বিবিসি

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ