ATN
শিরোনাম
  •  

মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টি, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

         
মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টি, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টি, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

মৌসুমি বায়ুর বিস্তারের ফলে দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরমের অনুভূতি এখনো রয়ে গেছে। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৬৭ মিলিমিটার। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১০ জুন) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের বাকি এলাকাতেও মৌসুমি বায়ু ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে বুধবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ১০ মিনিটে।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ