ATN
শিরোনাম
  •  

আইসল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল আর্জেন্টিনা

         
আইসল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল আর্জেন্টিনা

আইসল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল আর্জেন্টিনার

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি বদলি হিসেবে মাঠে নেমে গোল করেছেন, আর তার দল আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে নামার বার্তা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হারে স্টেডিয়ামে বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। ৬৩ শতাংশ বলের দখল রেখে ১৫টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে আইসল্যান্ড ৬টি শট নিলেও মাত্র একটি রাখতে পেরেছে গোলমুখে। আর্জেন্টিনার হয়ে গোল করেন ভ্যালেন্টিন বার্কো, লিওনেল মেসি এবং থিয়াগো আলমাদা।

ইন্টার মায়ামিতে খেলার সময় পাওয়া চোট নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন মেসি। ফলে বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা ছিল। যদিও সেই সংশয় দ্রুতই দূর করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে তাকে কতক্ষণ খেলানো হবে, তা নিয়ে নিশ্চিত ছিলেন না কোচ স্কালোনিও। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।

মাঠে নামার পরপরই নিজের প্রভাব দেখাতে শুরু করেন তিনি। একটি নিখুঁত থ্রু পাসে লাউতারো মার্টিনেজকে গোলের সুযোগ তৈরি করে দেন। কিন্তু গোলরক্ষকের ফাউলের শিকার হন মার্টিনেজ। ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে কোনো ভুল না করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ম্যাচের শুরুতে আইসল্যান্ড কয়েকটি ভালো আক্রমণ গড়লেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার কাছেই। ৮ মিনিটে প্রথম গোল পায় আলবিসেলেস্তেরা। হোসে ম্যানুয়েল লোপেজ ফাউলের শিকার হলে বক্সের সামনে থেকে নেওয়া ফ্রি-কিকের সূত্র ধরে বল পৌঁছে যায় ভ্যালেন্টিন বার্কোর কাছে। জটলার মধ্যে থেকে শক্তিশালী শটে জাল খুঁজে নেন তিনি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল।

বিরতির আগে পর্যন্ত আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও ব্যবধান বাড়াতে পারেনি। আইসল্যান্ড পাল্টা আক্রমণের চেষ্টা করলেও তা খুব একটা কার্যকর হয়নি। দ্বিতীয়ার্ধেও একইভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে স্কালোনির দল। যদিও কয়েকটি ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ।

এরপর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জিউলিয়ানো সিমিউনের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। পেনাল্টি থেকে গোল করার পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা।

৮৬ মিনিটে আসে দলের তৃতীয় গোল। মেসির পাস থেকে আক্রমণ শুরু হয়। রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন বক্সে থাকা থিয়াগো আলমাদার কাছে। তিনি আলতো ছোঁয়ায় বল জালে পাঠিয়ে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ৩-০ ব্যবধানে জয় দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করল আর্জেন্টিনা।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ