ATN
শিরোনাম
  •  

মৌসুমি বায়ুর বিস্তার, বাড়তে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা

         
মৌসুমি বায়ুর বিস্তার, বাড়তে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা

মৌসুমি বায়ুর বিস্তার, বাড়তে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। অনুকূল পরিস্থিতি থাকায় আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে মৌসুমি বায়ু সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, বুধবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কুমারখালী ও কয়রায়, যা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ