ATN
শিরোনাম
  •  

১৭ বছরে দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল এটিএন নিউজ

         
১৭ বছরে দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল এটিএন নিউজ

এটিএন নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে ড. মাহফুজুর রহমান

পারিবারিক বন্ধনই সম্প্রচারে থাকা দেশের প্রথম সংবাদ-ভিত্তিক চ্যানেল এটিএন নিউজের বড় শক্তি বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

আজ রোববার (৭ জুন) সকালে এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোকে পে-চ্যানেলে রূপান্তরে সরকারে সহায়তা কামনা করেন তিনি।

গৌরবের ১৬ পেরিয়ে ১৭ বছরের পথ চলা শুরু এটিএন নিউজের। সাদামাটা উদযাপন ঘরোয়া পরিবেশে। ভালোবাসা আর আন্তরিকতার কমতি ছিলো না ২৪ ঘণ্টা অবিরাম ছুটে চলা দেশের প্রথম নিউজ চ্যানেল এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে।

হাসি আর আনন্দ ভাগাভাগি করার বিশেষ মুহূর্ত দিনজুড়ে। নিউজ চ্যানেলের রোজকার ব্যস্ততা তো আছেই। এরমধ্যেও সকাল থেকে ফুল আর কেক হাতে শুভেচ্ছা জানাতে এটিএন নিউজের কার্যালয়ে আসেন নানা শ্রেণী-পেশার মানুষ। শুভেচ্ছা জানাতে আসেন এটিএন নিউজের পরিচালক মণ্ডলী, বিজ্ঞাপনদাতা বিভিন্ন প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা। নিউজ চ্যানেল হিসেবে স্বকীয়তায় জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া এটিএন নিউজ, আগামীতেও গণমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখবে এমনটাই প্রত্যাশা এটিএন নিউজ পরিবারের।

ছবি
সবার আগে সর্বশেষ সঠিক সংবাদ, এ মন্ত্রে পথচলাটা কঠিন হলেও, একেবারে যে অসম্ভব নয় তা গত ১৬ বছরে প্রতিটা দিন প্রমাণ করেছেন এটিএন নিউজের সংবাদকর্মীরা। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় সবার কণ্ঠে।

তীব্র প্রতিযোগিতায় সগর্বে টিকে থাকা যায় তখনই, যখন এর পেছনে থাকে পারিবারিক বন্ধন। এটিএন নিউজে এই বন্ধন দৃঢ় রাখার আহ্বান ছিলো চ্যানেলটির মূল কাণ্ডারি ড. মাহফুজুর রহমানের কণ্ঠে

একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর টিকে থাকার স্বার্থে পে চ্যানেল প্রতিষ্ঠায় উদ্যোগী হতে সরকারের কাছে দাবি জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

আনুষ্ঠানিক আয়োজন শেষ হলেও সারাদিনই উৎসবমুখর ছিলো এটিএন নিউজের নিউজরুম। ছবি তোলা আর আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়েই, নতুন উদ্যমে শুরু ১৭ বছরের পথ চলা।

রিপোর্ট : আ. সি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ