ATN
শিরোনাম
  •  

মেসিকে বিশ্রামে রেখেও হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

         
মেসিকে বিশ্রামে রেখেও হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

মেসিকে বিশ্রামে রেখেও হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি একাদশে ১০টি পরিবর্তন আনলেও মাঠে নামানো হয়নি লিওনেল মেসিকে। পেশির ক্লান্তি থেকে সেরে ওঠার পথে থাকা এই তারকা পুরো ম্যাচ বেঞ্চে বসেই কাটান। তবে তার অনুপস্থিতিতেও জয় পেতে কোনো সমস্যা হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন শুধু অগাস্তিন গিয়াই।

টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারিভর্তি সমর্থকদের উৎসাহে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে আর্জেন্টিনা। তবে দর্শকদের অপেক্ষায় থাকা মেসিকে মাঠে দেখা যায়নি।

ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস। বক্সের ভেতরে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা, আর সেই সুযোগ কাজে লাগান লাউতারো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জিউলিয়ানো সিমিওনে। লাউতারো মার্টিনেসের দারুণ এক ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি।

সিমিওনের গোলের পর স্কালোনি একাধিক পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি। ৩৮ বছর বয়সী এই ফুটবলার গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পান। এরপরই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন।

ম্যাচের আগে মেসির শারীরিক অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। সে শুক্রবার দলের সঙ্গে কিছুটা অনুশীলন করেছে, যা ইতিবাচক লক্ষণ। সে দল থেকে বিচ্ছিন্ন নয়, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দুটি প্রস্তুতি ম্যাচের যেকোনো একটিতে সে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারে। সেটা এই ম্যাচে হবে নাকি পরেরটিতে, আমরা দেখব।’

তিনি আরও বলেন, ‘এখন সে অনেক ভালো অনুভব করছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক।’

আসন্ন বিশ্বকাপে আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তার আগে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ