ATN
শিরোনাম
  •  

১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

         
১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে টানা ১৬ দিনের ছুটি কাটিয়ে রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল রোববার থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। এরপর সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে চলে যায়।

তবে দেশের মাদরাসাগুলোর ছুটি তুলনামূলক দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এর ফলে মাদরাসা শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ ভোগের সুযোগ পাচ্ছে।

এদিকে জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও আগামী উল্লেখযোগ্য ছুটিগুলো রয়েছে জুলাই ও আগস্টে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ