ATN
শিরোনাম
  •  

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

         
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

যমুনা সেতু সংযোগ সড়কে যানবাহনের চাপ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

শুক্রবার (৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পৌলি পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘ সময় আটকে থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪০ হাজার ৫৮০টি যানবাহন চলাচল করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গমুখী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। অন্যদিকে ঢাকামুখী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপারের বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি সেতু ও এর সংযোগ সড়কে রাতে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদাভাবে দুই পাশে দুটি করে বুথ চালু রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, মহাসড়কে বর্তমানে যানবাহনের চাপ বেশি থাকলেও দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ