ATN
শিরোনাম
  •  

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

         
কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর বোমাবর্ষণের কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এ তথ্য পৃথকভাবে নিশ্চিত করেছে।

তাসনিম নিউজ আইআরজিসির বরাত দিয়ে জানিয়েছে, শনিবার ভোরে মধ্যপ্রাচ্য অঞ্চলে শত্রুপক্ষের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্টকোম দাবি করেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরকে লক্ষ্য করে ইরান মোট সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ধ্বংস করে মার্কিন বাহিনী। এরপর সম্ভাব্য নতুন হামলা প্রতিহত করার উদ্দেশ্যে গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালায় সেন্টকোম।

তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর ওই হামলার কয়েক ঘণ্টা পরই কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে। গত ২৮ মে থেকে আইআরজিসি ও সেন্টকোম প্রায় নিয়মিতভাবেই একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

সূত্র: এএফপি, আলজাজিরা

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ