ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা

         
বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা

২৩তম ফিফা বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সুখবর পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ প্রকাশিত বিশ্ব র‌্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে লিওনেল মেসির দল।

গতরাতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয় ফ্রান্স। এই হারের ফলে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফরাসিরা। সুযোগটি কাজে লাগিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১৮৭৪.৮১।

এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল আর্জেন্টিনা।

অন্যদিকে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ১৮৬৯.৪৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স।

র‌্যাংকিংয়ের চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, পর্তুগাল পঞ্চম এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠ অবস্থানে আছে।

তবে সপ্তম ও অষ্টম স্থানে পরিবর্তন দেখা গেছে। এক ধাপ পিছিয়ে সপ্তম থেকে অষ্টম স্থানে নেমে গেছে নেদারল্যান্ডস। বিপরীতে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে মরক্কো।

এ ছাড়া বেলজিয়াম নবম এবং জার্মানি দশম স্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের ঠিক আগে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল আর্জেন্টিনা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ