ATN
শিরোনাম
  •  

বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস, কমতে পারে তাপপ্রবাহ

         
বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস, কমতে পারে তাপপ্রবাহ

বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েকদিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যেই বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানী ঢাকার আকাশ ছিল আংশিক মেঘাচ্ছন্ন। সূর্যের তেজ তুলনামূলক কম থাকায় তীব্র গরমও কম অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের কারণে চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ