ATN
শিরোনাম
  •  

রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন কাল, সোহেল ক্ষমা চাইলেও নিজেকে নির্দোষ দাবি স্বপ্নার

         
রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন কাল, সোহেল ক্ষমা চাইলেও নিজেকে নির্দোষ দাবি স্বপ্নার

রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন কাল, সোহেল ক্ষমা চাইলেও নিজেকে নির্দোষ দাবি স্বপ্নার

ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ বুধবার (০৩ জুন)আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আত্মপক্ষ সমর্থনে সোহেল নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেও, তার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেছে।

ঢাকার পল্লবীর একটি বাসায় ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় গত ১৯ মে। রামিসার বাবার করা মামলায় ৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে পুলিশ। ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন পল্লবী থানার এসআই অহিদুজ্জামান।

১৩ দিন পর পহেলা জুন শুরু হয় রামিসা হত্যা মামলার বিচার। ওইদিন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পরদিন মঙ্গলবার একদিনেই শেষ হয় এ মামলার সাক্ষ্য গ্রহণ। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার ও বড় বোন রাইসা আক্তারসহ মোট ১৬ জনের সাক্ষ্য নেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। একইসঙ্গে বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করেন। তিনি রামিসা হত্যা মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান।

তারপর আসামিদের কাছে ব্যাখ্যা চাইলে সোহেল রানা নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। একই সাথে নিজের শাস্তির সঙ্গে ডলার নামে আরেকজনেরও শাস্তি চান সোহেল।

যে গতিতে মামলার বিচার কাজ এগিয়ে চলেছে, তাতে আগামী সপ্তাহে এই মামলার রায় হতে পারে বলে আশা করছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

রিপোর্ট : জা. আ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ