ATN
শিরোনাম
  •  

জাজের ‘মাসুদ রানা’ সিনেমায় প্রথম প্লেব্যাক, উচ্ছ্বসিত রাকা পপি

         
জাজের ‘মাসুদ রানা’ সিনেমায় প্রথম প্লেব্যাক, উচ্ছ্বসিত রাকা পপি

জাজের ‘মাসুদ রানা’ সিনেমায় প্রথম প্লেব্যাক, উচ্ছ্বসিত রাকা পপি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম আলোচিত সিনেমা মাসুদ রানা। জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী রাকা পপি। ‘পুরো বাংলাদেশ’ নামের এই গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল।

গানটির কথা ও সুর করেছেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী শাহ আলম সরকার এবং সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। সিনেমাটির নতুন এই গানটি ইতোমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

প্রথমবার সিনেমার জন্য প্লেব্যাক করার অভিজ্ঞতা নিয়ে বেশ আনন্দিত রাকা পপি। তিনি বলেন, একজন শিল্পীর মৌলিক গান যতই থাকুক না কেন, বড় পর্দায় প্লেব্যাক করার স্বপ্ন প্রায় সবারই থাকে। ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

রাকা পপির ভাষ্য, জাজ মাল্টিমিডিয়ার মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় প্রথমবার গান গাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ আনন্দের। বিশেষ করে ‘মাসুদ রানা’র মতো আলোচিত একটি সিনেমায় গান গাওয়ার সুযোগ পাওয়াটা অনেক বড় প্রাপ্তি। আমি একদম মনের মতো একটি গান গেয়েছি। সিনেমা হলে দর্শক-শ্রোতারা গানটি ভীষন পছন্দ করছে।

তিনি আরও বলেন, সিনেমা হলে দর্শক-শ্রোতাদের ইতিবাচক এই প্রতিক্রিয়া আমাকে অনুপ্রাণিত করেছে। আমার এই স্বপ্ন পূরণে জাজ মাল্টিমিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই বাংলা গান ও বাংলা সিনেমার পাশে থাকবেন, এটাই প্রত্যাশা।

রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া রাকা পপির সংগীতজীবনের শুরু শৈশবেই। সংস্কৃতিমনা বাবার উৎসাহে ছোটবেলা থেকেই সংগীতচর্চায় যুক্ত হন তিনি। পাশাপাশি শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পাশাপাশি আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে সংগীতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।

প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষার ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অর্জন। ছায়ানট থেকে লোকসংগীতে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা) চার বছর মেয়াদি ক্লাসিক্যাল মিউজিক কোর্সে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিনি।

দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত গান পরিবেশন করার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সঙ্গীতানুষ্ঠানেও সরব উপস্থিতি রয়েছে তার। ইতোমধ্যে নিজের ইউটিউব চ্যানেল Raka Popi Official-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার শতাধিক মৌলিক গান।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ