ATN
শিরোনাম
  •  

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

         
কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলোকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত ও ধ্বংস করে।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর দাবি, দেশের ভেতরে কোনো স্থাপনায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানেনি। রাতের বেলায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ছিল আকাশে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস হওয়ার শব্দ।

তবে কুয়েতের এই বক্তব্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আইআরজিসি দাবি করে, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা দেখায় কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

এর আগে গত ১ জুন, সোমবারও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। সে সময় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানায়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

একই সময়ে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সেনাবাহিনী।

এদিকে মঙ্গলবার গভীর রাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানি দ্বীপ কেশমের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই প্রতিবেদনের কিছু সময় পরই কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আইআরজিসি।

সূত্র: সিএনএন

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ