ATN
শিরোনাম
  •  

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান

         
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদকক্ষে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সদস্যরাষ্ট্রগুলোর প্রদত্ত ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট, আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশের প্রার্থী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।

ফলাফল ঘোষণার সময় সাধারণ পরিষদকক্ষে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। বিজয়ের ঘোষণা শোনার পর তাকে দুই হাত তুলে মুনাজাত করতে দেখা যায়। পরে নবনির্বাচিত সভাপতি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। আর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মাধ্যমে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

আঞ্চলিক পালাক্রমভিত্তিক ব্যবস্থায় ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত ছিল। বাংলাদেশ ও সাইপ্রাস একই গ্রুপ থেকে নির্বাচনে অংশ নেয়, যদিও সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ