ATN
শিরোনাম
  •  

মোহাম্মদপুরে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

         
মোহাম্মদপুরে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরে ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনেই ছিনতাইয়ের শিকার হওয়া দুই নারীর ঘটনায় জুয়েল নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২ জুন) বিকেলে র‍্যাব-২-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটি কাটিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরেন দুই বোন। মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজেদের বাসার সামনে নামার পরপরই কয়েকজন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও লাগেজ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর র‍্যাব তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় ভুক্তভোগী তুনাত জিনা মাহজাবিন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মে ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই বোন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন দুই নারী। তাদের পাশে ছিলেন রিকশাচালকও। এ সময় লুঙ্গি, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে এসে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল।

পরে চাপাতির ভয় দেখিয়ে তারা প্রথমে রিকশাচালককে ধাক্কা দেয় এবং দুই নারীর ব্যাগ, লাগেজসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যেতে দেখা যায়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ