ATN
শিরোনাম
  •  

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নতুন করে ১০ জনের মৃত্যু

         
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নতুন করে ১০ জনের মৃত্যু

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নতুন করে ১০ জনের মৃত্যু

সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন দিনিপ্রো আর বাকি চারজন প্রাণ হারিয়েছেন রাজধানী কিয়েভে।

আজ মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় শিশুসহ কয়েক ডজন বেসামরিক মানুষ আহতও হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভের কয়েকটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে অনেকে সেসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ভোর থেকেই কাজ করছেন উদ্ধারকারীরা।

গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্কের একটি কলেজ ক্যাম্পাসে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে ২১ জন নিহত হন। যাদের বেশিরভাগই শিক্ষার্থী ছিল। ওই হামলার পর থেকেই রাশিয়া হুমকি দিচ্ছিল তারা ধাপে ধাপে এর জবাব দেবে।

রাশিয়ার নতুন হামলার পর কিয়েভের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। এ সময় রাজধানীর মেয়র ভিতালি ক্লিচকো সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকার অনুরোধ জানিয়েছিলেন।

কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, রাশিয়া রাজধানীতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে।

মঙ্গলবার ভোরে চালানো এ হামলার আগে গতকাল সোমবার সতর্কতা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে শত্রুরা বড় হামলার পরিকল্পনা করছে। এর কয়েক ঘণ্টা পরই ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ