ATN
শিরোনাম
  •  

ব্যুফোহ্খ দখল ইসরায়েলি নীতির নাটকীয় পরিবর্তন : নেতানিয়াহু

         
ব্যুফোহ্খ দখল ইসরায়েলি নীতির নাটকীয় পরিবর্তন : নেতানিয়াহু

ব্যুফোহ্খ দখল ইসরায়েলি নীতির নাটকীয় পরিবর্তন : নেতানিয়াহু

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমে বিউফোর্ট দুর্গের ওপর ইসরায়েলি পতাকা উড়ানোর ছবি প্রচারিত হবার পর এ খবর সামনে আসে। ক্রুসেড আমলে নির্মিত ঐতিহাসিক এই দুর্গ দখলের ঘটনাকে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের এক নাটকীয় পরিবর্তন হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে, লিতানি গিরিখাতের প্রান্তে একটি পাহাড়ি খাঁজে অবস্থিত ব্যুফোহ্খ দুর্গ। এখান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশের ওপর নজরদারি করা যায়। এ কারণেই এই দুর্গকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

ব্যুফোহ্খ দখলের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ইসরায়েল বিশেষ করে ইহুদিরা আজ ভিন্নভাবে বিউফোর্টে ফিরে এসেছে। তারা এখন ঐক্যবদ্ধ, সংকল্পবদ্ধ এবং আগের চেয়ে অনেক শক্তিশালী।

ব্যুফোহ্খ দুর্গ দখলকে ইসরায়েলি নীতির একটি নাটকীয় পরিবর্তন উল্লেখ করে নেতানিয়াহু বলেন, এখন সিরিয়া, গাজা এবং লেবানন সবগুলো ফ্রন্টেই অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী।

ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক এই স্থাপনাটি 'কালাত আল-শাকিফ' নামেও পরিচিত। বিশেষ করে ক্রুসেড যুদ্ধের সময় এর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ শতাব্দীর শেষভাগে ইউরোপজুড়ে ল্যাটিন খ্রিস্টানদের পরিচালিত সামরিক অভিযানগুলোই ইতিহাসে 'ক্রুসেড' বা 'ধর্মযুদ্ধ' নামে পরিচিত। এই অভিযানগুলোর মূল গন্তব্যই ছিল 'পবিত্র ভূমি' বা ফিলিস্তিন।

ক্রুসেডকে বলা যেতে পারে এক ধরনের সশস্ত্র তীর্থযাত্রা, যেখানে আধ্যাত্মিকতার সাথে মিশে ছিলো যুদ্ধচেতনা। তৎকালীন পোপরা এই যুদ্ধের ডাক দিতেন। ১০৯৫ খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের প্রধান লক্ষ্য ছিল জেরুজালেমের পবিত্র স্থানগুলোকে সেলজুক তুর্কিদের হাত থেকে মুক্ত করা।

জেরুজালেমের রাজা ফুল্ক ১১৩৯ খ্রিস্টাব্দের দিকে ব্যুফোহ্খ নির্মাণ শুরু করেন। প্রাচীন ফরাসি ভাষায় 'ব্যুফোহ্খ' শব্দের অর্থ 'সুন্দর দুর্গ।' শেষ পর্যন্ত এটি দুই স্তরের একটি বিশাল দুর্গে পরিণত হয়, যার আকৃতি অনেকটা ত্রিভুজাকার।

এই দুর্গের ইতিহাসে পরবর্তী অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন সালাহউদ্দিন আইয়ুবি। অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী সুলতান সালাহউদ্দিন ছিলেন একজন কৌশলী সেনানায়ক। ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিমদের প্রতিরক্ষা যুদ্ধে তিনি প্রধান ভূমিকা পালন করেন। ১১৯০ খ্রিস্টাব্দে 'কাউন্টার-ক্রুসেড' বা ক্রুসেডবিরোধী সফল অভিযানে সালাহউদ্দিন ব্যুফোহখ জয় করেন।

সেই থেকে মুসলিম আধিপত্যে থাকা ব্যুফোহখ বিজয়কে তাই ইসরায়েলি বাহিনীর জন্য তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। নেতানিয়াহু-ও তাঁর বক্তব্যে যেনো রি-কাউন্টার ক্রুসেডের কথাই ব্যক্ত করতে চেয়েছেন।

রিপোর্ট : অ. মৈ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ