ATN
শিরোনাম
  •  

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

         
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছিল। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বজায় রাখার স্বার্থে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন তিনি।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মন্ত্রিসভায় স্থান পান দীপেন দেওয়ান। বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগ দেন। পরে ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ