ATN
শিরোনাম
  •  

হজে গিয়ে সৌদি আরবে ৪১ বাংলাদেশির মৃত্যু

         
হজে গিয়ে সৌদি আরবে ৪১ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে সৌদি আরবে ৪১ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী।

বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সর্বশেষ গতকাল মারা যাওয়া দুই বাংলাদেশি হজযাত্রী হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ জেলায়। তিনি মদিনায় মারা যান। অন্যদিকে ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা শাহজাহান আলীর মৃত্যু হয়েছে মক্কায়।

এদিকে, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। গতকাল পর্যন্ত মোট ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে গত ২৬ মে। হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন সৌদি আরবে গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে গেছেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের জন্য দেশটিতে সমবেত হয়েছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ