ATN
শিরোনাম
  •  

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে ফ্রান্সে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক

         
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে ফ্রান্সে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক

ফ্রান্স

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)-এর শিরোপা জয়ের পর ফ্রান্সের বিভিন্ন স্থানে সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্যারিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৩১ মে) ফরাসি পুলিশ জানায়, রাজধানী প্যারিসে নিরাপত্তা নিশ্চিত করতে হাজারো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে শিরোপা উদযাপন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হয়। এ সময় বাস, ট্রেন ও রেল চলাচলেও বিঘ্ন ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উচ্ছ্বসিত সমর্থকদের একটি অংশ আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের কেন্দ্রস্থলে টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সড়কে বৈদ্যুতিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন স্থানে ফ্লেয়ার জ্বালানো হয়েছে এবং অন্তত একটি দোকানের কাচ ভাঙচুর করা হয়েছে।

পিএসজি টাইব্রেকারে জয় নিশ্চিত করার পরপরই প্যারিসের বিখ্যাত শঁজেলিজে (চ্যাম্পস-ইলিসিস) এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। এর আগে ম্যাচ চলাকালে পিএসজির নিজস্ব মাঠ পার্ক দে প্রাঁসে বড় পর্দায় খেলা দেখতে আসা কিছু সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, সহিংসতার সময় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, পিএসজির সাফল্য উদযাপন ঘিরে টানা দ্বিতীয় বছরের মতো সহিংসতার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালে দলটির শিরোপা উদযাপনের সময়ও বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ