ATN
শিরোনাম
  •  

টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা পিএসজি, স্বপ্নভঙ্গ আর্সেনালের

         
টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা পিএসজি, স্বপ্নভঙ্গ আর্সেনালের

পিএসজি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে পিএসজি। রোমাঞ্চকর ফাইনালে আর্সেনালের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ফরাসি জায়ান্টরা।

গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পাওয়া পিএসজি এবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল। অন্যদিকে, ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও শিরোপার স্বপ্ন পূরণ হলো না আর্সেনালের।

ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের দাপটে। মার্কিনহোসের একটি ক্লিয়ারেন্স ট্রোসার্ডের গায়ে লেগে প্রতিহত হলে বল পেয়ে যান কাই হাভার্টজ। মাঝমাঠ থেকে একক দৌড়ে এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকে নেওয়া তার জোরালো শট জালে জড়ালে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি।

প্রথমার্ধে লিড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে চাপে পড়ে আর্সেনাল। প্রায় এক ঘণ্টা পিএসজিকে আটকে রাখার পর রক্ষণভাগে ভুল করে বসেন ক্রিসথিয়ান মস্কেরা। পেনাল্টি বক্সে খভিচা কভারাতসখেলিয়াকে ফাউল করলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি দেন রেফারি।

স্পট কিক থেকে গোলরক্ষক ডেভিড রায়াকে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ান উসমান দেম্বেলে। তাতেই ম্যাচে সমতা ফেরে পিএসজির।

অতিরিক্ত সময়েও কোনো দলই আর গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গনসালো রামোস, আশরাফ হাকিমি ও লুকাস বেরালদিরা সফল শট নেন পিএসজির হয়ে। আর্সেনালের হয়ে ডেকলান রাইস ও গ্যাব্রিয়েল মার্তিনেলি গোল করলেও এবেরেচি এজে গোলপোস্টের বাইরে শট মারেন। পরে গ্যাব্রিয়েল মাগালহায়েসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে শিরোপা নিশ্চিত হয় পিএসজির।

এই জয়ের মাধ্যমে ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখাল পিএসজি। একই সঙ্গে ১৯৫৫ সালে শুরু হওয়া ইউরোপিয়ান কাপের ইতিহাসে টানা দুটি শিরোপা জেতা ১০ম ক্লাবে পরিণত হলো তারা।

অন্যদিকে, ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের সাফল্যের পরও ইউরোপের মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো আর্সেনালের। ২০০৬ সালের পর প্রথমবার ফাইনালে উঠে আবারও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো লন্ডনের ক্লাবটিকে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ