ATN
শিরোনাম
  •  

আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

         
আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিচতলায় একটি বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০ মে) হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান তিনি এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের নিচতলায় দুটি বৈদ্যুতিক ওভেন ব্যবহার করে বেকারির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেখানে পর্যাপ্ত তদারকি ও প্রকৌশলগত নজরদারির অভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, “হাসপাতালের নিচের ফ্লোরে বেকারি পাওয়া গেছে। দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে কার্যক্রম চলছিল। কোনো ইঞ্জিনিয়ার ছিল না। বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। সেখানে প্রচুর ময়লাও পাওয়া গেছে। আমরা বিষয়টি কঠোরভাবে দেখব।”

তিনি আরও জানান, হাজার হাজার শিক্ষার্থীর জন্য ওই বেকারিতে খাবার প্রস্তুত করা হতো। সেখান থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে হাসপাতালের দুই চিকিৎসকের সঙ্গেও কথা বলা হয়েছে এবং তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানান মন্ত্রী।

গত বুধবার (২৭ মে) হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা যায়, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে সম্ভাব্য গ্যাস লিকেজের ঘটনা ঘটে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহত নবজাতকদের মায়েদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তাদের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

এদিকে, ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ