ATN
শিরোনাম
  •  

চামড়া শিল্প-কারখানা ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

         
চামড়া শিল্প-কারখানা ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ও শিল্পমন্ত্রী আব্দুল খন্দকার মুক্তাদির

ঈদের দ্বিতীয় দিনেও কর্মচাঞ্চল্যে ভরপুর রাজধানীর অদূরে সাভারের চামড়া শিল্পনগরী। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৬১৬টি ট্রাকে করে শিল্পনগরীতে এসেছে মোট ৫ লাখ ২ হাজার ৭৯৬টি কাঁচা চামড়া।

এর মধ্যে ৪ লাখ ৮৬ হাজার ৬৮৯টি গরু ও মহিষের চামড়া এবং বাকি ১৬ হাজার ১০৭টি ছাগল ও ভেড়ার চামড়া বলে জানিয়েছেন বিসিক চামড়াশিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান।

শুক্রবার দুপুরে চামড়া শিল্পনগরীর পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন ট্যানারি কারখানা ও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী আব্দুল খন্দকার মুক্তাদির।

মন্ত্রী বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে স্থানান্তর প্রক্রিয়ায় অব্যবস্থাপনার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান মাঝপথে হারিয়ে গেছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ও ঋণগ্রস্ত ট্যানারি শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যক্রমে ইতালিকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

পরিবেশ দূষণ রোধ ও আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকারের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ট্যানারিগুলোর তরল বর্জ্য শোধনের জন্য স্থাপিত সিইটিপি’র দৈনিক সক্ষমতা প্রায় ২৫ হাজার ঘনমিটার হলেও পিক সময়ে উৎপাদিত বর্জ্যের পরিমাণ ৪০ থেকে ৫০ হাজার ঘনমিটার পর্যন্ত পৌঁছে যায়।

ধলেশ্বরী নদীর দূষণ রোধে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের মান নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচা চামড়া সংগ্রহ, লবণজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন নিয়ে ব্যাপক ব্যস্ততা চলছে পুরো শিল্পনগরীজুড়ে। ট্রাকে ট্রাকে কাঁচা চামড়া আসছে এবং শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে আনলোড ও প্রক্রিয়াজাতকরণে কাজ করছেন।

বিসিক কর্তৃপক্ষ জানায়, ঈদকে ঘিরে চামড়া পরিবহন ও ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। শিল্পনগরীতে যানবাহন প্রবেশ নির্বিঘ্ন করতে অতিরিক্ত স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ