ATN
শিরোনাম
  •  

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

         
মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এবারের মহাযজ্ঞেও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।

২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ তারকা সদস্যই স্থান পেয়েছেন আর্জেন্টিনার এবারের মূল স্কোয়াডে। অধিনায়ক মেসির পাশাপাশি কাতার বিশ্বকাপের বিশ্বস্ত সেনানী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন অভিজ্ঞ ফুটবলারকে স্কোয়াডে ধরে রাখা হয়েছে।

তবে ফুটবল অঙ্গনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক অবসর ভেঙে দলে ফেরানো হয়নি তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো গত বিশ্বকাপ ফাইনালের এই মহানায়ককে ছাড়াই চূড়ান্ত পরিকল্পনা সাজিয়েছে দল। অন্যদিকে, কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী দলের অন্যতম লেফট ব্যাক মার্কোস আকুনা সাম্প্রতিক ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে নিজের জায়গা হারিয়েছেন।

এই স্কোয়াডের অন্যতম বড় সুসংবাদ হলো, ইনজুরির কারণে ২০২২ কাতার বিশ্বকাপ মিস করা নির্ভরযোগ্য মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পেয়েছেন। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার এবং এবার তিনি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ মাঠে নামার প্রহর গুনছেন।

এক নজরে আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে 'গ্রুপ জে'-তে। ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। আর ২৭ জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অর্জনকারী দল পরবর্তী নকআউট পর্বে উন্নীত হওয়ার সুযোগ পাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ