ATN
শিরোনাম
  •  

বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদ জামাত

         
বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদ জামাত

অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে মাঠ নামাজের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। এর মধ্যেই ঈদের জামাতের দ্বিতীয় রাকাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবুও ভিজে অবস্থায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নামাজ আদায় করেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

জামাত শুরুর আগে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন।

শোলাকিয়ার দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর ১০ মিনিট আগে তিনটি, পাঁচ মিনিট আগে দুটি এবং এক মিনিট আগে একটি শটগানের গুলি ছুড়ে জামাত শুরুর সংকেত দেওয়া হয়। প্রথম তিনটি গুলি ছোড়েন পুলিশ সুপার মিজানুর রহমান।

ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল দুই প্লাটুন বিজিবি, র‌্যাব, সিআইডি ও পিবিআই সদস্যরা। এছাড়া নজরদারিতে ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। ছিল পুলিশ ও র‌্যাবের ওয়াচটাওয়ার, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং এন্টি টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল।

প্রতিবছরের মতো এবারও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ‘শোলাকিয়া স্পেশাল’ ট্রেন পরিচালনা করে রেলওয়ে বিভাগ। তবে পশু কোরবানির ব্যস্ততার কারণে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার জামাতে মুসল্লির উপস্থিতি কিছুটা কম ছিল।

নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশবাসীর সুখ-শান্তি, মুক্তিযুদ্ধের শহীদ ও প্রয়াত জাতীয় নেতাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতাও কামনা করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ