ATN
শিরোনাম
  •  

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ

         
হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ

আলী ওয়াহিদ

আলী ওয়াহিদ ও রায়ান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, দুই ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটির অন্যতম লক্ষ্যই হচ্ছে প্রবাসী প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করা।

১৮ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদ বর্তমানে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামের অনূর্ধ্ব-২১ দলে খেলছেন। চেলসি যুব একাডেমি থেকে ফুলহামে যোগ দেওয়া এই উইঙ্গার গত নভেম্বরে প্রিমিয়ার লিগ টু’র মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলে ২০ ম্যাচে করেন ৭ গোল ও ৪ অ্যাসিস্ট।

ফারহানকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, “খুব শিগগিরই আমরা ফারহানকে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে পারি। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি মাইলফলক হতে পারে।”

অন্যদিকে ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ওকিং এফসিতে। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে খেলা এই তরুণকে বাংলাদেশের বয়সভিত্তিক দলের জন্য সম্ভাবনাময় সংযোজন হিসেবে দেখছে বাফুফে।

বাফুফে জানিয়েছে, আগামী সেপ্টেম্বর উইন্ডোর আন্তর্জাতিক ম্যাচ এবং নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে ফারহানকে দলে পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ঈদের ছুটির পর দুই ভাইয়ের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে। এবার সেই ধারায় যুক্ত হতে যাচ্ছেন ওয়াহিদ সহোদরও।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ