ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট নন মেসি, জানালেন স্কালোনি

         
বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট নন মেসি, জানালেন স্কালোনি

লিওনেল মেসি

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে নতুন করে উদ্বেগের নাম লিওনেল মেসি। ক্লাব ফুটবলে শেষ ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন অধিনায়ক। যদিও তার ক্লাব ইন্টার মায়ামির জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় গুরুতর কোনো ইনজুরি ধরা পড়েনি।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এরপর থেকেই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে উদ্বেগ দেখা দেয় ভক্ত-সমর্থকদের মাঝে।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি জানান, মেসির চোট গুরুতর না হলেও বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, প্রাথমিক রিপোর্ট আশাব্যঞ্জক। তবে পরবর্তী পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসিকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করলেও স্কালোনি জানান, দলে আরও কয়েকজন ফুটবলার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই বিশ্বকাপের আগে খেলোয়াড়দের পুনর্বাসন প্রক্রিয়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কোচিং স্টাফ।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ