ATN
শিরোনাম
  •  

ঈদুল আজহা উপলক্ষে ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা ব্যাংক শাখা

         
ঈদুল আজহা উপলক্ষে ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা ব্যাংক শাখা

সীমিত পরিসরে খোলা ব্যাংক শাখা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ব্যাংক ছুটি থাকলেও বিশেষ প্রয়োজনে মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকছে।

মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) গত ১৮ মে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নির্বিঘ্ন রাখতে সীমিত ব্যাংকিং সেবা চালু রাখা হবে।

নির্দেশনা অনুযায়ী, ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, টঙ্গী, ভালুকা ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত সময়ের জন্য কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের সময়েও (ঈদের দিন ছাড়া) আগের মতোই ২৪ ঘণ্টা সীমিত সেবা চালু রাখবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ