ATN
শিরোনাম
  •  

বৈরী আবহাওয়ায় ঘরমুখো যাত্রী কম, সন্ধ্যায় বাড়তে পারে চাপ

         
বৈরী আবহাওয়ায় ঘরমুখো যাত্রী কম, সন্ধ্যায় বাড়তে পারে চাপ

বৈরী আবহাওয়ায় ঘরমুখো যাত্রী কম, সন্ধ্যায় বাড়তে পারে চাপ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি অফিস-আদালতে ছুটি শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনও তেমন যাত্রীর চাপ দেখা যায়নি। বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে নৌপথের যাত্রী চলাচলেও। তবে লঞ্চ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক থাকলে সন্ধ্যার পর থেকে যাত্রীর চাপ বাড়তে পারে।

সোমবার (২৫ মে) সকাল থেকে সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা যায়, ঘরমুখো মানুষের উপস্থিতি কম। টার্মিনালে যাত্রীদের ভিড় কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ঘাটে যাত্রীদের সারিবদ্ধভাবে লঞ্চে উঠতে দেখা যায়।

ঢাকা-কালীগঞ্জ-ইলিশা রুটের সম্পদ লঞ্চের সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, যাত্রীর অবস্থা খুবই খারাপ। আবহাওয়া ভালো থাকলে মানুষ বেশি বের হতো। তারপরও স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী কিছুটা বেড়েছে। আশা করছি, আগামীকাল আবহাওয়া স্বাভাবিক থাকলে প্রচুর যাত্রী হবে।

লঞ্চ ভাড়া নিয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললেও ভাড়া নিয়ে তেমন অভিযোগ পাওয়া যায়নি।

সদরঘাটে দায়িত্ব পালনরত বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম জানান, আজ ৮০টিরও বেশি লঞ্চ সদরঘাট টার্মিনাল ত্যাগ করবে। চাঁদপুর, শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের ৩৩টি রুটে এসব লঞ্চ চলাচল করবে। এখনো যাত্রীর চাপ কম থাকলেও সন্ধ্যার পর চাপ বাড়তে পারে।

এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যদেরও টার্মিনালে সতর্ক অবস্থানে দেখা যায়। অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লঞ্চ মালিকদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের আগের শেষ দুই দিনে সদরঘাটে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যেতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ