ATN
শিরোনাম
  •  

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

         
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

ঈদুল আজহায় উৎসবের আনন্দে আলাদা মাত্রা যোগ করে দেশের চলচ্চিত্র অঙ্গন। দিন কয়েক আগেও দু-একটা ছাড়া আর কোনো সিনেমার খোঁজ ছিল না বললেই চলে। তবে শেষ মুহূর্তে এসে একে একে তালিকাভুক্ত হতে শুরু করেছে নতুন সব সিনেমা, প্রকাশ পাচ্ছে পোস্টার, টিজার ও ট্রেলার। এখন পর্যন্ত পাঁচটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে এখন এবার ঈদের সিনেমার পাল্লা খানিকটা ভারী। শুরুতে দর্শক ও সিনেপ্রেমীরা হতাশ থাকলেও এখন তাদের মনে কিছুটা স্বস্তি। সামাজিক মাধ্যমে আসন্ন নতুন সিনেমাগুলোর লুক, দৃশ্য ও তারকাদের নিয়ে চলছে সবিস্তর আলোচনা। তবে এবার প্রেক্ষাগৃহে আদতে কতগুলো সিনেমা দেখতে পাবেন দর্শক, তা নিয়েই এখনও কিছুটা রয়েছে কৌতূহল।

ঈদের আনন্দ বাড়াতে বড় পর্দায় ঝড় তুলতে আসছে মেগাস্টার শাকিব খানের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। এই সিনেমায় দ্বিতীয়বারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে। 'রকস্টার' সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে, এমন ঘোষণা দিয়েই শুটিং শুরু করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ (U) সার্টিফিকেট পেয়েছে এটি। পোশটার-টিজার প্রকাশের পর এখন চলছে শেষ সময়ের প্রচারণা। জানা গেছে, এক রকস্টারের উত্থান-পতনের গল্প এখানে ফুটে উঠবে। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। এই মুহূর্তে ঈদের সিনেমার ভিড়ে সবচেয়ে আলোচনায় আছে ‘রকস্টার’।

ঈদে মুক্তির দৌড়ে সমানে পাল্লা দিচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এই সিনেমাটির সদ্য প্রকাশিত দুটি পোস্টার ও অফিসিয়াল ট্রেলার দর্শকদের মাঝে বেশ সাড়া তুলেছে। ট্রেলারে ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ের নানা ইঙ্গিত পাওয়া গেছে। মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই করতে গিয়ে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অ্যাকশনের পাশাপাশি রয়েছে দারুণ আবেগ ও সম্পর্কের টানাপোড়েন। পরিচালক সাইফ চন্দন জানান, 'আমরা সিনেমাটির মুক্তির বিষয়ে কোনো কিছুই এখনও অফিসিয়ালি জানাইনি। তবে আমরা প্রস্তুত করছি। ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবেই সব জানানো হবে।

‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর 'রইদ' নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। ইতোমধ্যে পরিচালক ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সিনেমাটির একটি গানও প্রকাশ হয়েছে। মেজবাউর রহমান সুমন বলেন, ‘ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিচ্ছি আমরা। সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে। এই গানটা দিয়েই আসলে রইদের যাত্রাটা শুরু হলো বলা যায়। গানের সুরের মতোই “রইদ”-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।’

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময় নারী ‘বনলতা সেন’। সরকারি অনুদানপ্রাপ্ত মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং বনলতা সেন হিসেবে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ নিয়ে দর্শকদের প্রবল কৌতূহল রয়েছে। সেবা প্রকাশনীর জনপ্রিয় বইয়ের আদলে প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার এবং ‘মাসুদ রানা গান রিলোড’ শিরোনামের একটি টিজার। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।

এই বিগ বাজেটের সিনেমাগুলো ছাড়াও ঈদে ‘নাকফুলের কাব্য’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাগুলো মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতগুলো সিনেমা প্রেক্ষাগৃহে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারবে, তা দেখার জন্যই এখন প্রহর গুনছেন দর্শকরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ