ATN
শিরোনাম
  •  

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের জন্য আটককেন্দ্র গঠনের নির্দেশ

         
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের জন্য আটককেন্দ্র গঠনের নির্দেশ

শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য আটককেন্দ্র স্থাপনের নির্দেশ জারি করেছে। প্রতিটি জেলায় গড়ে তোলা এসব কেন্দ্রে বাংলাদেশি নাগরিক বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত এসব আটক কেন্দ্রে রাখা যাবে। সম্প্রতি আটক হওয়া ব্যক্তিদের পাশাপাশি অতীতে গ্রেপ্তার হয়ে কারাভোগ শেষ করা এবং যাদের বিরুদ্ধে প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে রাজ্যে বসবাসের অভিযোগে আটক বাংলাদেশি বা রোহিঙ্গা নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে বিশেষ আটককেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এর আগেই অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছিল। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, আগের প্রশাসন কেন্দ্রের নির্দেশ কার্যকর করেনি।

তিনি জানান, বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর সংশ্লিষ্ট আইন কার্যকর করা হয়েছে। যেসব ব্যক্তি নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর আওতায় পড়বেন না, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের পরে সরাসরি বর্ডার সিকিউরিটি-এর কাছে হস্তান্তর করা হবে এবং বিএসএফ তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ