ATN
শিরোনাম
  •  

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, চার্জশিট রবিবার

         
রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, চার্জশিট রবিবার

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, চার্জশিট রবিবার

ঢাকার পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদন হাতে পেলেই দ্রুত আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানা-র উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, শনিবার (২৩ মে) ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট হাতে এলে রবিবারের (২৪ মে) মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে।

তিনি জানান, ডিএনএ পরীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে পরদিনই চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে।

গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার শিকার হয়। এ ঘটনায় পরদিন ২০ মে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরই মধ্যে গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সোহেল রানার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে তিনি ঘটনার দায় স্বীকার করেন এবং জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, ডিএনএ রিপোর্ট হাতে পেলেই মামলার চার্জশিট দাখিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ